
মোঃ ইমরান হোসেন হৃদয়
শার্শা,যশোর,প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় জনসাধারণ।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হয় এবং পরে ইউএনও কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিও পালন করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অভিযুক্ত কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম করে আসছেন। টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা না রেখে নির্দিষ্ট ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, নিম্নমানের কাজের মাধ্যমে সরকারি অর্থ অপচয় এবং প্রকল্পের অর্থ আত্মসাতের মতো অভিযোগ তুলে ধরা হয়।
বক্তারা দাবি করেন, কিছু সড়ক নির্মাণ প্রকল্পে মানসম্মত উপকরণ ব্যবহার না করে নিম্নমানের কাজ করা হয়েছে। এছাড়া ভুয়া ভাউচার তৈরি করে অর্থ উত্তোলন, অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে বিল গ্রহণ এবং একই ব্যক্তিকে একাধিক প্রকল্প দেওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।
স্থানীয়দের অভিযোগ, কিছু প্রকল্প আংশিক বাস্তবায়ন করেই পুরো বিল উত্তোলন করা হয়েছে, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। একই সঙ্গে দীর্ঘদিন একই স্থানে কর্মরত থাকার সুযোগ নিয়ে প্রভাব খাটিয়ে এসব অনিয়ম চাপা দেওয়া হচ্ছে বলেও তারা দাবি করেন।
স্মারকলিপিতে অভিযোগের পক্ষে ছবি, ভিডিওসহ বিভিন্ন প্রমাণ থাকার কথাও উল্লেখ করা হয়। উপস্থিত বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগ প্রমাণিত হলে আইনগত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
