গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ৪ সেমিফাইনালিস্ট চূড়ান্ত

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, সবার প্রিয় ফুটবল”-স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টে-২০২৫ এর ৪ সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে।

সেমিফাইনালের চারটি দল যথাক্রমে- গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ, জহিরুল একাদশ ও এফসি বারী ফরিদপুর। চতুর্থ খেলায় এফসি বারী ফরিদপুর টাইব্রেকারে ৪-৩ গোলে বরাট যুব সমাজকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। নির্ধারিত সময়ের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলে সমতা নিয়ে দুদল মাঠ ছাড়ে।

টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে গোয়ালন্দ উপজেলার উজানচর ভাই ভাই ফুটবল একাডেমী।

টুর্নামেন্টের প্রথম খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী, চর মাধবদিয়া ফুটবল একাদশকে, দ্বিতীয় খেলায় মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ, রুহুল রেন্ট এ কার একাদশকে, তৃতীয় খেলায় জহিরুল একাদশ, খলিলপুর ফুটবল একাডেমীকে এবং চতুর্থ খেলায় এফসি বারী ফরিদপুর , বরাট যুব সমাজকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

গত ১০ অক্টোবর শুক্রবার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

প্রথম রাউন্ডের শেষ খেলায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মানিক শেখ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদ প্রমুখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলা প্রিয় দর্শকমন্ডলী।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের খেলা রাজবাড়ী জেলাসহ পার্শ্ববর্তী জেলার ৮ টি দল নিয়ে নক‌আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজক কমিটির আহবায়ক মোঃ হুমায়ন আহমেদ জানান, ইতিমধ্যে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শেষ। ২৪ অক্টোবর শুক্রবার প্রথম সেমিফাইনাল খেলায় গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী বনাম জহিরুল একাদশ এবং ২৫ অক্টোবর শনিবার মুলঘর জাগরণী ক্রীড়া সংঘ বনাম এফসি ফরিদপুর একে অপরের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *