মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান, ১১ জেলে আটক, বিপুল জাল পুড়িয়ে ধ্বংস

Spread the love

রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া পদ্মায় মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ২৫ লক্ষ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ১১ জেলেকে আটক এবং ৫ কেজি মা ইলিশ জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পদ্মা নদীর কলাবাগান ও অন্তার মোড় এলাকায় নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ, দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৫ লক্ষ বর্গমিটার কারেন্ট জাল, ১১ জন জেলেকে আটক ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃত ১১ জন জেলেকে মৎস্য সুরক্ষা আইনে মিয়মিত মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো এতিমখানা ও স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

এব্যাপারে দুপুরের দিকে নৌ পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের বলেন, সরকারের নির্দেশনা মতে গত ৪ অক্টোবর থেকে অভিযান শুরু হয়ে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে, মা ইলিশ প্রজননে ইতিমধ্যে সচেতনামূলক প্রোগ্রাম করা হয়েছে, কোনো জেলেরা নদীতে মা ইলিশ না ধরে, যেন মা ইলিশ নদীতে ডিম ছাড়তে পারে, সেজন্য আমাদের নৌ পুলিশের অভিযান নদীতে অব্যাহত রয়েছে। এখানে জেলা মৎস্য অফিসের সাথে আমাদের নৌ পুলিশ, কোস্ট গার্ড, ম্যাজিস্ট্রেট যৌথভাবে অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি থেকে চারটি মামলা রুজু হয়েছে, মোবাইল কোর্ট করা হয়েছে, ৬০ জনের মতো আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে, ২ কোটি ১০ লাখ বর্গমিটারের উপরে অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, ২৬০ কেজি ইলিশ মাছ জব্দ করে গরিব ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। শেষ সময় পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, এসআই মেহেদী হাসান অপূর্ব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *