
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশ তিনটি ৭নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ ২১ হাজার ৭৩০ টাকায় কিনে নেন।
জেলে ছালাম হালদার জানান, রবিবার সন্ধ্যায় দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মাছ শিকার করতে যাই। অনেকক্ষণ জাল ফেলে বসে থাকার পর মধ্যরাতে যখন জাল তুলি তখন জালে তিনটি বড় ইলিশ মাছ ধরা পড়ে। মাছ তিনটি বিক্রির জন্য তিনি ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটে আনলে শাহজাহান শেখ সরাসরি তার কাছ থেকে ২১ হাজার ৭৩০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, জেলে ছালাম হালদারের কাছ থেকে ভোরে ৫ কেজি ৩০০ গ্রাম ওজনের তিনটি ইলিশ ৪১০০’শ টাকা কেজি দরে কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর নিকট প্রতি কেজি ৪ হাজার ৩০০’শ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৭৯০ টাকায় বিক্রি করেছি। এরমধ্যে একটি ইলিশের ওজন ২ কেজি ও ওপর দুটি ইলিশের ওজন ৩ কেজি ৩০০ গ্রাম।
