
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মশালার আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
কর্মশালায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন।
প্রশিক্ষণ প্রদান করেন ঢাকাস্হ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক মুহম্মদ আব্দুর রহমান ও গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান।
তারা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে এ সময় করনীয় সম্পর্কে আলোচনা করেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশন মাষ্টার আব্দুর রহমান বলেন, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনে কোন এ্যাম্বুলেন্স নেই। ফলে বিভিন্ন দূর্যোগের ঘটনায় উদ্ধার কাজ করতে গিয়ে আমাদের মারাত্মক সমস্যায় পড়তে হয়। ফায়ার ষ্টেশনে একটি এ্যাম্বুলেন্স থাকলে গোয়ালন্দ উপজেলাবাসী উপকৃত হতো এবং আমরা ভালোভাবে উদ্ধার কাজ করতে সক্ষম হতাম।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারী সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।
