কক্সবাজার থেকে সিরাজুল ইসলাম এর পাঠানো রিপোর্টে বিস্তারিত ;
কক্সবাজার জেলা প্রতিনিধি: সিরাজুল ইসলাম :
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে সেনাবাহিনী আটক করেছে। বৃহস্পতিবার, ৫ জুন সকাল ১০টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া এলাকায় তার শ্বশুর শাকের মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
শাহীন ডাকাতের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে সেনাবাহিনীর একটি চৌকস দল সেখানে অভিযান চালায় এবং সফলভাবে তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবরে পুরো এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে এই ব্যক্তি এলাকার মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছিল।
সেনাবাহিনীর ঝিলংজা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে গর্জনিয়া এলাকায় একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হবে।
