
সরকার মুকুল মাহমুদ,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহম্মেদ মোফাচ্ছের, খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার ও পৌর ইঞ্জিনিয়ার মো. জহিরুল ইসলাম প্রমুখ।
কুমিল্লার জেলার হোমনা উপজেলার হোমনা পৌরসভাধীন যানজটমুক্ত শহর গড়তে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার (৫ মে) দুপুরে হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা এ অভিযান পরিচালনা করেন ।
হোমনা ওভারব্রিজ থেকে বাজার হয়ে চৌরাস্তা পর্যন্ত সড়কে নিয়মিত যানজট তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার দখল করে হকারদের অবৈধ ব্যবসা এবং ট্রাফিক আইন না মানা অটো-সিএনজি চালকদের বেপরোয়া গাড়ি পার্কিংই যানজটের মূল কারণ।
এ অবস্থায়, প্রশাসনের এই অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়। ইউএনও ক্ষেমালিকা চাকমা জানান, “যানজটমুক্ত হোমনা গড়তে নিয়মিত অভিযান চলবে। ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধান জরুরি। প্রশাসনের এই উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন
