হোমনায় ভূয়া চক্ষু ডাক্তারের ভুল চিকিৎসায় চোখ হারালো রোগী

Spread the love

করিম আহম্মেদ জীবন,হোমনা(কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার চৌরাস্তা মোড়ে অবস্থিত একটি চশমার দোকানে ভূয়া চক্ষু চিকিৎসক ডাঃ মোঃ মহসীনের ভুল চিকিৎসায় এক ব্যবসায়ীর বাম চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে আজ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম নামের ওই ব্যক্তি হোমনা আদর্শপাড়ার বাসিন্দা ও একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। তিনি অভিযোগে জানান, চোখে পানি পড়ার সমস্যায় শারবীন চশমা ঘরে ডা. মহসীনের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করার পর তার চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। এরপর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিশেষজ্ঞ ডাক্তার ডা. মোঃ আব্দুল হাই নিশ্চিত করেন যে, ভুল চিকিৎসার কারণে তার চোখে গুরুতর ক্ষতি হয়েছে এবং দৃষ্টি হারিয়েছে।

ভুক্তভোগী তার লিখিত অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদারের কাছে দাখিল করলে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। তাঁর নির্দেশে মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. ফয়জুর রহমানকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

২৩ জুলাই দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ও ডাঃ ফয়জুর রহমান অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সেখানে ভুয়া চিকিৎসক হিসেবে প্রমাণিত হওয়ায় মোঃ মহসীনকে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এছাড়া অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে আর কোনো চেম্বার করতে পারবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।

প্রশাসনের এমন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসীর দাবি, ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকুক, যেন আর কেউ এমন ভুল চিকিৎসার শিকার হয়ে চোখের আলো হারাতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *