সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৭ এপ্রিল ২০২৫

Spread the love

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

গুজরাটে আটক ব্যক্তিরা ‘বাংলাদেশি’ কি না কীভাবে জানলো ভারতীয় পুলিশ?

ভারতের গুজরাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১ হাজার ২৪ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। যদিও আটক ব্যক্তিদের পরিচয় কীভাবে নিশ্চিত হওয়া গেছে, তা জানানো হয়নি ওই বিবৃতিতে।

ভারতের প্রতিটি মানুষের রক্ত টগবগ করছে: মোদী

কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি মানুষের রক্ত ফুটছে, প্রত্যেক ভারতবাসী এই মর্মান্তিক ঘটনার যন্ত্রণায় কাতর। এই কঠিন সময়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার (২৭ এপ্রিল) ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া গুরুত্বপূর্ণ বার্তায় এই কথা বলেন তিনি।

ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

এবার ইসরায়েলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠী। এই গোষ্ঠী শনিবার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা সফলভাবে ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে ৫৪ ‘সন্ত্রাসী’ নিহত, সন্দেহ ভারতকে

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।

ভারত ছাড়লেন ২৭২ পাকিস্তানি, পাকিস্তান ছেড়েছেন ৬২৯ ভারতীয়

ভারত সরকার ঘোষিত সময়সীমার মধ্যে ২৭২ জন পাকিস্তানি নাগরিক গত দুই দিনে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ দেশে পৌঁছেছেন। এদিকে, একই সময়ে পাকিস্তান থেকে ভারতে ফিরেছেন ৬২৯ জন ভারতীয় নাগরিক, যাদের মধ্যে ১৩ জন ছিলেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা।

না জানিয়েই নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, আজাদ কাশ্মীরে সতর্কতা জারি

ভারত হঠাৎ কিছু না জানিয়েই আজাদ-কাশ্মীরের ঝিলম নদীর পানি ছেড়ে দিয়েছে। এতে আজাদ কাশ্মীরের রাজধানী ও সবচেয়ে বড় শহর মুজাফফরাবাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন হাতিয়ান বালা জেলায় বন্যা পরিস্থিতির জন্য জরুরি অবস্থা জারি করেছে। মসজিদগুলোতে ঘোষণার মাধ্যমে স্থানীয়দের সতর্কও করা হয়েছে। ভারতশাসিত পহেলগামে হামলার পর ভারতের সস্তা রাজনৈতিক কৌশল পুনরায় প্রকাশ পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *