
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় বোরকা পেঁচিয়ে মোছাঃ সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া তার বন্ধু মো. সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলাকালে হঠাৎ পেছনের চাকায় সুমাইয়ার বোরকা পেঁচিয়ে যায়। এসময় সে বুঝতে পারেনি, হঠাৎ পেছনের ছিট থেকে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়।
অভিযুক্ত সজিব প্রামানিক (২৩) দৌলতদিয়া ইউনিয়নের সাত্তার মেস্বার পাড়া এলাকার মৃত কিরন প্রামানিকের ছেলে।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আহলাদিপুর হাইওয়ে থানায় সজিব প্রামাণিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ধারা ৯৮/১০৫ অনুযায়ী মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, আসামি ইচ্ছাকৃতভাবে অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সুমাইয়ার মৃত্যু ঘটে।
মামলা দায়েরের পর পুলিশ ফরিদপুর থেকে সজিবকে মোটরসাইকেলসহ গ্রেফতার করে থানায় হেফাজতে রাখে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরেই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
