উখিয়ার সীমান্তে অস্ত্রসহ আরাকান আর্মির সদস্যের আত্মসমর্পণ

Spread the love

সিরাজুল ইসলাম, দক্ষিণ বিভাগীয় ব্যুরো, চট্টগ্রাম
কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির এক যুবক আত্মসমর্পণ করেছে।
রবিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মসমর্পণকারী যুবকের নাম জীবন তঞ্চঙ্গ্যা (২১)। তিনি নাইক্ষ্যাংছড়ির গর্জবুনিয়ার চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে। বিজিবির হাতে তুলে দেওয়া অস্ত্রের মধ্যে ছিল একটি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন।
জিজ্ঞাসাবাদে জীবন তঞ্চঙ্গ্যা জানান, ব্যক্তিগত নিরাপত্তার জন্য তিনি মিয়ানমারের মংডু ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার ভাষ্যমতে, আরাকান আর্মির প্রায় ৩০০ জন সদস্য বিভিন্ন ক্যাম্প ছেড়ে পালিয়েছে এবং তাদের অনেকেই সুযোগ পেলে সীমান্ত পেরিয়ে আত্মসমর্পণ করতে পারে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “কিছু সশস্ত্র গোষ্ঠী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।”
তিনি আরও জানান, আটক যুবক ও জব্দকৃত অস্ত্র-গোলাবারুদ আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *