
রেজাউল করিম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ঈদুল আযহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দক্ষিণ বঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া লঞ্চ ও ফেরী ঘাট প্রান্তে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের বিআইডব্লিউটিএর টিকিট কাউন্টারের প্রবেশ পথে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
এদিকে ভোর থেকেই ফেরিঘাটে যাত্রীরা এসে নদী পাড় হচ্ছে। সেইসাথে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাও ছিলো চোখে পড়ার মতো।
কুষ্টিয়া থেকে ঢাকামুখী যাত্রী সলিম খান বলেন, ঈদের ছুটিতে, পরিবারের সাথে ঈদ কাটাতে বাড়িতে এসেছিলাম। ছুটি শেষে বাড়ি থেকে রওনা হয়ে লঞ্চঘাটে এসেছি। পথে ও ঘাটে কোনোরকম ভোগান্তি নেই। আশা করছি ভালোভাবেই ঢাকায় যেতে পারব।
ঝিনাইদহ থেকে আসা গাজীপুর চৌরাস্তা গামী যাত্রী তানিয়া আক্তার বলেন, গার্মেন্টসে চাকরি করি। রবিবার থেকে অফিস শুরু। সকালে অফিস করব বলে একদিন আগেই তাড়াতাড়ি বাড়ি হতে রওনা হয়েছি। যাতায়াতে কোনো প্রকার ভোগান্তি নেই। নিশ্চিতে লঞ্চে উঠতে পারব বলে আশা করছি।
অপরদিকে ঈদ শেষে কর্মমুখী মানুষ ও যানবাহনের জন্য এ নৌ রুটে ১৭ টি ফেরি ও ২০ টি লঞ্চ চলাচল করছে। স্বল্প সময়ের মধ্যেই ঘাটে আসা যানবাহন গুলো কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ফেরীতে ওঠে যাচ্ছে। যাত্রীরাও নির্বিঘ্নে ফেরিতে পারাপার হচ্ছে।
এ বিষয়ে দৌলতদিয়া লঞ্চঘাট কর্তৃপক্ষ জানান, প্রতিটি লঞ্চে যাত্রীসংখ্যা নির্ধারণ করেই ঘাট থেকে ছাড়ছে। লঞ্চে বাড়তি কোনো রকম ভাড়া নেওয়া হচ্ছে না। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যাত্রী পারাপারে ২০টি লঞ্চ চলাচল করছে। আমরা যাত্রীদের, যাত্রা নির্বিগ্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।
বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। বর্তমানে ঘাটে কোনো যানবাহনের সিরিয়াল নেই। ঘাটে আসা মাত্রই যে কোন যানবাহন সরাসরি ফেরিতে উঠতে পারছে।
