আক্কেলপুরে সন্ত্রাসী চাকু মানিকএর হামলায় পুলিশ এএসআই আহত।

Spread the love

রিফাত হোসেন মেশকাতঃ
আক্কেলপুর জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরের ‘সন্ত্রাসী’ মানিক ওরফে চাকু মানিককে (২৮) গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রশিদুল ইসলাম আহত হয়েছেন। গ্রেপ্তারের সময় মানিকের কাছ থেকে দুটি চাকু জব্দ করেছে পুলিশ।

৭ জুলাই সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করে তাঁকে থানায় নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মানিক ওরফে চাকু মানিক আক্কেলপুর পৌর শহরের সাখিদারপাড়ার মন্টু মিয়ার ছেলে। মানিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী মানিক কারাগারে ছিলেন। তিনি কয়েক দিন আগে জামিনে বেরিয়ে আসেন।সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মানিক চাকু নিয়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছেন। খবর পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম মানিককে ধরতে আসেন। তাঁরা দুজন উপজেলা পরিষদের সামনে থেকে মানিককে ধরে হাতকড়া লাগান। এ সময় তাঁদের কাছ থেকে মানিক ছুটে পালানোর চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন।

স্থানীয় লোকজনের সহায়তায় মানিককে থানায় নিয়ে আসা হয়। এরপর এএসআই রশিদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার জানান, আক্কেলপুর থানার এএসআই রশিদুল ইসলাম রাত ৮টার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। পরে তিনি ব্যবস্থাপত্র নিয়ে বাসায় চলে গেছেন।

জানতে চাইলে আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, মানিক একজন এলাকার ভয়ংকর সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ঘোরাঘুরি করছিলেন।সোমবার সন্ধ্যায় দুটি চাকুসহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের সময় থানার এএসআই রশিদুল ইসলাম আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *